দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে চলমান গ্যাস সংকট ও এর প্রভাব নিয়ে সমস্যা সমাধানের করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে জেলার ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি, তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শিল্পসমৃদ্ধ জেলা নরসিংদীর উৎপাদন খাতে গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে। জেলার বেশিরভাগ কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
বক্তারা বলেন, নরসিংদীর উৎপাদিত কাপড় দেশের মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে। তাই জেলার শিল্পকারখানাগুলো টিকিয়ে রাখতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব হোসেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নরসিংদীর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান, নরসিংদী জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহসভাপতি মো. হারুন অর রশিদ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, জেলা সিএনজি পাম্প স্টেশন মালিক সমিতির সভাপতি মো. মোমেন মোল্লা, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক মাহবুবুর রহমান মনির ও নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু বলেন, এলএনজি টার্মিনালের সমস্যার কারণে তৈরি হওয়া গ্যাস সংকটের প্রভাব নরসিংদীর শিল্পকারখানায় বেশি পড়েছে। সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের বেতন, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে মালিকেরা আর্থিক চাপে পড়ছেন। সংকট দীর্ঘস্থায়ী হলে শিল্প ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিল্পকারখানায় গ্যাসের চাপ বাড়ানোর দাবি জানান তিনি।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে নরসিংদীকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। গ্যাস সংকটের কারণে জেলার সমস্যা ও ক্ষতির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। কোনোভাবেই অবৈধ সংযোগ চালু রাখতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত ও জোরালোভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এমএস/